রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (২ জুন) সকাল থেকে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট দেয়। এ সময় প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। প্রচলিত ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনে এ নির্বাচন করা হয়। শিশুরা গণতন্ত্র চর্চা করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নেতা নির্বাচিত করে।
উপজেলার আউটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ৫ম শ্রেণির ছাত্রী ফারজানা জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে একটি ভোট গ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়, ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হয়।
বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটে নির্বাচিত প্রতিনিধি ৫ম শ্রেণির শিক্ষার্থী উষা মনি জানান, আমার সহপাঠী ও বিদ্যালয়ের ছোট ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি তাদের জন্য কাজ করবো।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক বিভিন্ন স্কুলের ভোট কেন্দ্র পরির্দশনকালে তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা হচ্ছে। এছাড়াও তিনি কোমলমতি শিক্ষার্থী ভোটারদের উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমূখরতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচনে বিজয়ী শিশু শিক্ষার্থীদের গফরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।