আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়ার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক মোঃ খালেদ হাসান।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পূর্ব পাশে কাইয়ুম মার্কেটের ওই দোকানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দোকান মালিক মোঃ খালেদ হাসান জানান, আগুনে তার হার্ডওয়ার দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।