পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজারের কৃতি সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

বাংলাদেশের সংসদীয় কূটনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে চিফ হুইপ সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। মৌলভীবাজারের বড়লেখা অঞ্চল থেকে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ার পর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটির নেতৃত্বে আসীন হলেন তিনি।

রাজনীতিতে যোগদানের পূর্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

শিক্ষা ও পেশাগত যোগ্যতায় তিনি অত্যন্ত সমৃদ্ধ। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ লিংকনস ইন থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এই অর্জনের পেছনে রয়েছে এক সমৃদ্ধ রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য। তিনি মৌলভীবাজারের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক ঐতিহ্য ও নিজস্ব যোগ্যতার সমন্বয়ে তিনি জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন বিষয়ে তার গভীর জ্ঞান এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা দেশের সংসদীয় কূটনীতিতে নতুন গতি আনবে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে তার দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!