ভালুকা-ঢাকা সড়কে রোড পারমিট ছাড়াই প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহি বাস চলার অভিযোগ 

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

গাজীপুরের শ্রীপুর বর্মী রুটের জন্য অনুমোদিত “প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেডর যাত্রীবাহি বাস অবৈধভাবে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডষ্টোর বাজার থেকে ঢাকা রুটে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত পরিবহনের বাসগুলোর রোড পারমিট শ্রীপুর বর্মী এলাকায় সীমাবদ্ধ থাকলেও তা উপেক্ষা করে প্রায় দেড় বছর ধরে নিয়মিতভাবে সিডষ্টোর বাজার থেকে ঢাকায় যাত্রী পরিবহন করছে। এতে করে একদিকে যেমন আইন লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে স্থানীয় পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

এদিকে, কয়েকদিন আগে দ্রুতগতিতে চলাচলের সময় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস সিডষ্টোর বাজারের দক্ষিণ পাশে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিলো।

স্থানীয় সচেতন মহল জানায়, সংশ্লিষ্ট প্রশাসনের নাকে ঢগায় অবৈধভাবে চলাচল করা এসব যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুতগতির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তারা অভিযোগ করেন, হাইওয়ে পুলিশ অবৈধভাবে চলাচলকারী প্রায় ৩০/৩২ টি যাত্রীবাহি বাস সিডষ্টোর থেকে গত এক বছরের অধিককাল ধরে নিয়মিত ঢাকায় চলাচল করলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এসব বাস থেকে প্রতিদিন ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে, ১০০ টাকা সুপারভাইজার ও ৫০০ টাকা স্থানীয় স্থানীয় নিয়ন্ত্রণকারীরা নিয়ে থাকেন বলে একাধিক সূত্র জানায়।

তাই দ্রুত এই পরিবহনের অবৈধ চলাচল বন্ধ করা প্রয়োজন।” এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সিডষ্টোর বাজার থেকে প্রভাতী বনশ্রী পরিবহনের বাস চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্ট্যাশনের সুপার ভাইজার বিপ্লব মিয়া জানান, সিডষ্টোর থেকে ঢাকায় প্রথম অবস্থায় ৩০/৩২ টি প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহি বাস চলাচল করতো। বর্তমানে ২০/২২ টি গাড়ি চলাচল করছে। আর এসব যাত্রীবাহি বাসগুলো স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করছেন আব্দুল মান্নান ও সালাউদ্দিন নামে দুই ব্যক্তি।

ভালুকার সিডষ্টোর স্ট্যাশনের পরিচালনার দায়িত্বে থাকা আবদুল মান্নান ও সালাউদ্দিন গাড়ি থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এই গাড়িগুলো হেড অফিসের নিয়ন্ত্রণে এক বছরের বেশি সময় ধরেই চলছে। কাগজপত্র আছে কি নাই, তা হেড অফিসেই বলতে পারবে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, ভালুকার সিডষ্টোর থেকে ঢাকা রোডে প্রভাতী বনশ্রী পরিবহনের কোন যাত্রীবাহি বাস চলাচল করে কিনা, তা তার জানা নেই। তবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তা বন্ধ করে দেয়া হবে।

 ময়মনসিংহ সার্কেলের বিআরটিএ’র সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহি বাস নামে কোন গাড়ি ময়মনসিংহ এলাকায় চলার রোড পারমিট নেই। ম্যাজিস্ট্রেটসহ আমাদের লোকজন  মাঠে কাজ করছেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ কাগজপত্র না পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!