ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বাবা-মায়ের অবর্তমানে দুই বোনের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত সোমবার (১১ মে) উপজেলার ভরাডোবা ইউনিয়নের পরুড়া গ্রামের। ওই ঘটনায় পুরুড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার মরহুম আবু বকর সিদ্দিকের মেয়ে শারমিন সিদ্দিকী বাদি হয়ে ভালুকা মডেল থানায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের নামে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, শারমিন সিদ্দিকী ও তার বোন ওয়ারিশ সূত্রে উপজেলার পুরুড়া মৌজার বিআরএস ১৬৭৭ খতিয়ানের ৯২১০ দাগের ৩৩ শতাংশ জমির মালিক এবং দীর্ঘদিন যাবৎ তারা ওই জমি ভোগদখলে আছেন। তার বাবা ও ভাইয়ের মৃত্যুর পর বিবাদীরা ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এদিকে, গত সোমবার (১১ মে) বিবাদীরা জমির চারপাশে বাঁশের খুটি ও পিলার গেড়ে দখল করতে যায়। খবর পেয়ে শারমিন সিদ্দিকী তাদের বাধা দিতে গেলে দখলকারগণ তাকে খুনজখমের হুমকী দেয়।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।