গফরগাঁওয়ে নারী কর্মসংস্থান বিষয়ক ওভিসি প্রকাশনা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

‘স্বপ্ন আছে, কিন্তু সুযোগ নেই—এ গল্প শুধু রাহেলার নয়, এ গল্প হাজারো নারীর। এই বাস্তবতা বদলে দিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাবলম্বী নারীদের নিয়ে পোড়াবাড়ীয়া গ্রামে পরচুলা ফ্যাক্টরি গড়ে তুলেছে শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান পিবাড়ীয়া গ্রুপ। সেখানে কাজ করছেন হাজারের বেশি নারী শ্রমিক।
রাহেলার গল্পেই হাজারো নারীর প্রতিচ্ছবি।
রাহেলার স্বামী একজন দিনমজুর। সংসার চলে, কিন্তু স্বপ্ন চলে না। বিপদে পড়লে হাত পাততে হয় আত্মীয়ের কাছে। সঞ্চয় নেই, ভবিষ্যতের ভরসাও নেই।

পিবাড়ীয়া গ্রুপের পরচুলা ফ্যাক্টরিতে কাজ পাওয়ার পর এখন নিজের আয়ে সংসারে অবদান রাখছেন রাহেলা। তিনি বলেন,’আগে শুধু স্বামীর ওপর ভরসা ছিল, এখন মাস শেষে বেতন পাই। মেয়েটার জন্য টাকা জমাই। স্বপ্ন দেখার সাহস পাই।’
শুধু রাহেলা নয়, ফ্যাক্টরিতে হাজারো নারী শ্রমিকের জীবন বদলে গেছে। কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, কেউবা দরিদ্র পরিবারের হাল ধরেছেন। পরচুলা তৈরির প্রশিক্ষণ নিয়ে তারা এখন দক্ষ কারিগর। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তাদের হাতের তৈরি পরচুলা যাচ্ছে বিদেশেও।

‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ নারীর কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বীতার এই সাফল্য তুলে ধরতে গতকাল সোমবার (৪ মে) বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে ‘নারী কর্মসংস্থান বিষয়ক ওভিসি প্রকাশনা ও প্রেস কনফারেন্স’ এর আয়োজন করেছে পিবাড়ীয়া গ্রুপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।

কনফারেন্স শুরুতেই পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান খান রানা’র লিখিত বক্তব্য পাঠ করে শুনান পিবাড়ীয়া গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল্লাহ তাহের।
তার লিখিত বক্তব্যে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভায় পর্যায়ক্রমে অন্তত একটি করে পরচুলা ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়।

তিনি আরও জানান, গফরগাঁওয়ে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য শিল্প-কারখানার অভাবে নারীরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পিবাড়ীয়া গ্রুপ শুধু পরিকল্পনার কথা বলছে না। ২০২১ সালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে প্রতিষ্ঠানটির একটি পরচুলা ফ্যাক্টরি চালু করেছে, যেখানে হাজারো স্থানীয় নারী-পুরুষ কাজ করছেন এবং স্বাবলম্বী হয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিবাড়ীয়া গ্রুপের ডিজিটাল মার্কেটিং বিভাগের ম্যানেজার মেহেদী হাসান, পি-বাড়ীয়া লিঃ ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, সাংবাদিক রোবেল মাহমুদ, সাংবাদিক আজহারুল হক।
কনফারেন্সে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নোত্তর করেন।

পিবাড়ীয়া গ্রুপের একজন উদ্যোক্তা বলেন,’ একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার দাঁড়ায়, সমাজ শক্তিশালী হয়। আমরা শুধু চাকরি দিইনি, তাদের হাতে দক্ষতা তুলে দিয়েছি। ওরা এখন রপ্তানিযোগ্য পণ্য তৈরি করছে। এটাই আমাদের ‘মানুষের কল্যাণে’ স্লোগানের বাস্তব রূপ।’

অর্থনীতিতে নারীর অবদান হিসেবে
পরচুলা শিল্প বাংলাদেশের উদীয়মান রপ্তানি খাত। চুল সংগ্রহ থেকে শুরু করে প্রসেসিং, ডিজাইন ও ফিনিশিং—প্রতিটি ধাপে নারীদের অংশ গ্রহণ বাড়ছে। পিবাড়ীয়া গ্রুপের ফ্যাক্টরিটি স্থানীয় ভাবে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। রাহেলাদের গল্পই তার প্রমাণ।

উক্ত কনফারেন্সে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!