রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বেকারত্ব দূরীকরণ এবং নারীদের স্বনির্ভর করে তোলার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বক্তারা আরও বলেন, ইসলাম মানুষের সম্মানজনক জীবিকা অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এসময় কল্যাণ ও অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা নারীদের দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
###