প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুয়া নারাঙ্গিপাড়া গ্রামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পান-সুপারি বিতরণ ও প্যাকেটজাত করার সময় মোঃ রিয়াদ পাঠান (২৮) নামের এক যুবক কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ৪০০ প্যাকেট পান-সুপারি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে সংশ্লিষ্ট আইনের ২৭(ক) ধারায় অভিযুক্তকে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ রিয়াদ পাঠান ইতিপূর্বে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার করে মুচলেকা প্রদান করেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সারমিন সুলতানা, জনাব শিহাব উদ্দিন আহমদ এবং জনাব সাইদা খানম উপস্থিত ছিলেন।
প্রশাসন পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

