মোঃ জাকির হোসেন।।
জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মো: শাহীন কুলি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ময়মনসিংহ। শাহীন কুলি মাদারগঞ্জের বীর লোটাবর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার র্যাব-১৪ কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শিশুটি স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। ঘটনার দিন গত ২৯ আগস্ট প্রতিবেশী শিশুর সাথে খেলাধুলা করার জন্য অভিযুক্তের বাড়ির আঙ্গিনার সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তাদেরকে মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে ঘরের ভেতরে নিয়ে যান। এ সময় নির্যাতিত শিশুটির বান্ধবী কৌশলে অভিযুক্তের ঘর থেকে বের হতে সক্ষম হলেও নির্যাতিত শিশু ঘরের ভিতরে অবস্থান করতে বাধ্য হয়। এ সময় মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন কুলি।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।