রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার থেকে দুপুর ১টার পর্যন্ত গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপির আয়োজনে ইমামবাড়ী ঈদগাহ মাঠ, রেলওয়ে ষ্টেশন, পুরাতন বাসস্ট্যান্ড ও জামতলা মোড় থেকে বর্ণাঢ্য র্যালিগুলো বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, এ্যাডঃ আল ফাতাহ্ খান, আক্তারুজ্জামান বাচ্চু ও মুশফিকুর রহমান।
উপজেলার সদর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গফরগাঁও মিনি স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
অপরদিকে বিকেলে বিএনপি নেতা এ বি সিদ্দিকুর রহমানের পক্ষে দলের নেতাকর্মীরা উপজেলা সদরে র্যালি বের করে।
এসব র্যালিতে উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ঘিরে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
###