রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়তে হয়।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাতটায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী- কাওরাইদ স্টেশনের মধ্যবর্তী কাওরাইদ আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহ-ঢাকা রেলপথে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে যাওয়া পর কাওরাইদ রেলওয়ে স্টেশন সংলগ্ন আউটার সিগনাল এলাকায় সকাল সাতটায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেন চালকসহ সংশ্লিষ্টদের চেষ্টায় প্রায় আধঘণ্টা পর ট্রেনটি কোন রকমে কাওরাইদ স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব হয়। পরে সকাল সাড়ে নয়টায় দিকে ঢাকা কমলাপুর থেকে রিলিফ ইঞ্জিন এসে যমুনা ট্রেনটিকে ঢাকায় নিয়ে যায়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, যমুনা ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি কাওরাইদ রেল স্টেশনে নিয়ে যাওয়ায় এ লাইনে ট্রেন চলাচলে তেমন কোন বিঘ্ন হয়নি। তবে রিলিফ ইঞ্জিনের সহায়তায় যমুনা ট্রেন প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকায় দিকে যাত্রা শুরু করে।
#####