রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

কাতারে মসজিদে জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় কাতারের দোহা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাংলাদেশি হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবহান শাহর ছেলে হাফেজ মোঃ জাহাঙ্গীর (৫৮)।
নিহতের বড়ভাই উপজেলার দিঘীরপাড় ডি. এস. এন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাফেজ মোঃ জাহাঙ্গীর জীবিকার তাগিদে ১২ বছর আগে কাতারে পাড়ি জমান। সেখানে তিনি একটি মসজিদে দেখাশোনা কাজ করতেন। নিহত জাহাঙ্গীরের স্ত্রীসহ ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড়ভাই জানান, জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে সে সড়কে লুটিয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর ৪টায় দিকে জাহাঙ্গীর মারা যান । নিহতের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
##