রাজধানীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

রাজধানীর খিলগাঁও থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-নাসির উদ্দিন (৪৫) ও  ইমরান হোসেন (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ৭.৬২ মি.মি. চায়নিজ পিস্তল, একটি তরাস ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি ও ৭.৬২ মি.মি. চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাত দেড়টায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করার সময় ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম সংবাদ পায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি  বাসায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাসার সামনে পাহারারত দু’জন পালিয়ে যায়। পুলিশ বাসার ভেতরে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ৭.৬২ মি.মি. চায়নিজ পিস্তল, একটি তরাস ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি ও ৭.৬২ মি.মি. চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তারা পলাতক অন্যান্যদের সাথে পরস্পর যোগশাজসে অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!