ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬৪ বস্তা চাল জব্দ, আটক ২

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ কেজির ৬৪ বস্তা চাল, চালবাহি পিকআপ ও ১২২টি খালি বস্তা জব্দ করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় স্থানীয় প্রশাসন উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বাজার থেকে গত বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ওই পিকআপভর্তি চালসহ দুইজনকে আটক করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান থানা পুলিশের সহায়তায় ওই বাজারে অভিযান চালান এবং সময় তিনি পিকআপসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ কেজি বস্তার ৬৪ বস্তা চাল জব্ধ করেন। একই সময় ১২২টি খালি বস্তাও জব্ধ করা হয়। ওই সময় ঘটনায় জড়িত উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াহাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে চাল ক্রেতা মো. আতিকুল ইসলাম (২৫) ও শ্রীপুরের ধামলই গ্রামের আবদুর রহমানের ছেলে পিকআপ চালক মহিম মিয়াকে (৩৩) আটক করা হয়। ওই ঘটনায় আতিকুল ইসলাম ও মহিম মিয়াসহ চারজনকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ হেফাজতে থাকা চালের ক্রেতা আতিকুল ইসলাম জানান, ওই চাল তিনি নিজ এলাকায় নিয়ে বিক্রি করার জন্যে ভালুকার হোসেনপুর গ্রামের লষ্কর মিয়ার নিকট থেকে ৪২ টাকা কেজি দরে ক্রয় করেছেন। এর আগেও তিনি ওই ব্যক্তির কাছ থেকে চাল কিনেছেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবীর জানান, উপজেলা হোসেনপুর বাজার থেকে পিকআপসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৬৪ বস্তা চাল ও ১২২ টি খালি বস্তা জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান জানান, মোবাইলে সংবাদ পেয়ে তিনি রাতেই পুলিশ নিয়ে  ঘটনাস্থলে যান এবং পিকআপ ভর্তি খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করেন। এ সময় দুইজনকে আটক করা হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *