তারাকান্দায় ছেঁড়া টাকাকে কেন্দ্র করে দোকান মালিক সংকটাপন্ন, ছেলে খুন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছে এক যুবক। সিগারেট কিনে টাকা দেয়ার সময় দশ টাকার ছেঁড়া নোট না নেয়ায় দোকান মালিক ও ছেলেকে ছুরিকাঘাত করা হয়। এসময় ঘটনাস্থলই মারা যান ইকবাল হোসেন (২২) নামের ওই যুবক। সংকটাপন্ন অবস্থায় তার বাবাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঝিয়ালী বাজারে মুদি দোকান রয়েছে দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির (৬২)। ছেলে ইকবাল হোসেনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান করছিলেন তিনি। দোকানে রাত ৮টার দিকে সিগারেট কিনতে যায় একই গ্রামের ফারুক মিয়া। টাকা দেওয়ার সময় একটি দশ টাকার নোট ছেঁড়া থাকায় তা বদল করে দিতে বলেন ইকবাল। কিন্তু তাতে রেগে যায় ফারুক।

বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন। পরে সেখানে তারা কিছুক্ষণ বাগবিতণ্ডার এক পর্যায়ে পারভেজের সঙ্গে নেওয়া ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাথাড়ি আঘাত শুরু করেন। ওই সময় ছেলেকে বাঁচাতে সাদেক মুন্সি এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যায় ইকবাল। গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে ঢাকায় রেফার করা হয় তাকে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে পাওয়া যায়নি বলে জানান তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!