প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪ সময়ঃ ১১:৩৩ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।। 
ময়মনসিংহের ভালুকায় কিশোরগের খুরের আঘাতে রাতুল পাঠান (১১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্তরে বইমেলার উত্তর পাশে। এ ঘটনায় আহত কিশোরের বাবা বাদি হয়ে বুধবার রাতে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলা পরিষদের সামনে চা দোকানদার শাকিকুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ জিহাদ (১৬) উপজেলার ভাটগাঁও গ্রামের এমদাদ পাঠানের ছেলে গোয়ারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল পাঠানকে বই মেলার উত্তর পাশে ডেকে নিয়ে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করায় রাতুলের গলায় খুর দিয়ে আঘাত করে। খোঁজ পেয়ে স্থানীয়রা আহত রাতুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তী করেন।
আহত রাতুলের বাবা এমদাদ পাঠান জানান, তার ছেলেকে আশঙ্কাজনক আবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ১৮ টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়ার পর আসামী গ্রেফতারে অভিযান চলছে।

