গফরগাঁওয়ে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগে মামলায় চার যুবদল নেতা গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৮৩ নং পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ চার যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকা মীরপুর ও উত্তরা এবং ময়মনসিংহে হালুয়াঘাট ও গফরগাঁওয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক ও দুগাছিয়া গ্রামের বাসিন্দা মোঃ আনছারুল ইসলাম (৩৭), গফরগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও গড়াবের গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (২৪), ইউনিয়ন যুবদলের  সদস্য ও গড়াবের গ্রামের বাসিন্দা মোঃ হাসানুজ্জামান নয়ন (৩৪) ও মোঃ ইলিয়াস মিয়া (২৮)।

ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা মামলায় চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বলেন, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় পরপরই স্কুলের নৈশ্য প্রহরী কাম-দপ্তরি আরিফুল ইসলাম ও দফাদার ফারুক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছিলো।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ভোর সকালে বিদ্যালয় এর পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে এলাকার লোকজন হইচই শুরু করেন। জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে কেরোসিন ও পেট্রলের অস্তিত্ব পাওয়া যায় । আগুনে আধাপাকা এই বিদ্যালয় ভবনের ৪টি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং, ৪টি কক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। আগুনের উত্তাপে পাকা ভবনের পলেস্তারা খসে পড়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *