বাউবি’র এক উপ-পরিচালককে কথিত  যৌন নিপীড়নের দায়ে মারধরের অভিযোগ

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র মূল ক্যাম্পাসে চারজন কর্মকর্তার তুলকালাম ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে চাপা ক্ষোভ বিরাজ করছে। সোমবার (২৯ জানুয়ারী) এবিষয়ে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের জরুরী বৈঠক বসার কথা ছিলো। মঙ্গলবারের মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা ফুঁসে উঠতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়টির দীর্ঘদিনের ঐতিহ্য ও শৃংখলা ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাউবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা জানান, সাবেক ছাত্রলীগ নেতা নামধারী কয়েকজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়টিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। তারা কথিত যৌন হয়রানির মিথ্যা অভিযোগে গত ২৫ জানুয়ারি সনদ শাখার উপ-পরিচালক মজিবুল হককে ব্যাপক মারধরের মাধ্যমে বিশ^বিদ্যালয়ে তাদের আধিপত্য জানান দেন। এ ঘটনায় বিশ^বিদ্যালয়টির সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও চাপা ক্ষোভ বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো ঘটনার কোন সুরাহা না হওয়ায় ভেতরে ভেতরে ক্ষোভে ফেঁসে উঠছেন কর্মকর্তা কর্মচারীরা।
জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী বাউবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক (৩৮), নুর ইয়ার চৌধুরী টিটু (৪০), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোরশেদ হাসান (৩৬) ও সনদ শাখার প্রশাসনিক কর্মকর্তা শারমীন আলী এ্যানি (৩৩) গত ২৫ জানুয়ারি হঠাৎ চারতলায় গিয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে সনদ শাখার শাখার উপ-পরিচালক মজিবুল হকের ওপর হামলা চালান। মজিবুল হক ঘটনার আকষ্মিকতায় কোন কিছু বুঝে উঠার আগেই তারা তাকে উপর্যপুরি কিলঘুষি ও চেয়ার দিয়ে একের পর এক আঘাত করতে থাকলে অন্যান্য সহকর্মীরা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করেন। হামলাকারী কর্মকর্তারা একসময় ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন এমন দাপট দেখিয়ে বিশ্বব্যিালয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতেই ঠুনকো অভিযোগে এ তুলকালাম ঘটনা ঘটান বলে বাউবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ। হামলায় আহত উপ-পরিচালক মজিবুল হক বিচার চেয়ে বাউবি’র রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এখনো কোন সুরাহা না হওয়ায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
হামলায় আহত উপ-পরিচালক মজিবুল হকের সাথে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সত্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চাকরি আছে আর মাত্র ২ বছর। সারা জীবন, এমনকি যৌবন বয়সেও আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ নেই। এটি আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র। এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেব।’
এদিকে হামলায় নেতৃত্বদানকারী অভিযুক্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও সাবেক ছাত্রলীগ নেতা নুর ইয়ার চৌধুরী টিটুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে আর কোন কথা বলতে চাচ্ছি না। যৌন নিপীড়নের অভিযোগ সত্য কিনা জানতে চাইলে তিনি বলেন, যিনি অভিযোগ করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন এটি তাদের ব্যাপার। এবিষয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না।
যোগাযোগ করা হলে বাউবি’র প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মাহবুবা নাসরিন বলেন, দুই পক্ষই অভিযোগ করেছেন। পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কোন মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে বাউবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এ ধরণের কোন ঘটনা ঘটেনি। কথিত যৌন নিপীড়নের অভিযোগ যদি সত্যও হয়ে থাকে তবুও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। ছাত্রলীগের দাপট দেখিয়ে কয়েকজন কর্মকর্তা বিশ^বিদ্যালয়ে যে ঘটনা ঘটিয়েছেন তা খুবই নিন্দনীয়। এঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষকে অবজ্ঞা ও খাট করা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের অপচেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, আলোচিত ওই নারী কর্মকর্তার অভিযোগ পড়লে যে কেউ বুঝতে পারবেন যে এটি একটি মিথ্যা সাজানো ঘটনা। ওই নারী গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরীক্ষা বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের সকলকে কোনঠাসা করে রাখার জন্যই হয়তো পরিকল্পিতভাবে এধরণের ঘটনা ঘটনানো হয়েছে। কর্তৃপক্ষের কাছে যৌন নিপীড়নের অভিযোগ দেয়ার পর তারাই আবার উদ্দেশ্যমূলকভাবে এটি প্রচার করছেন।
এব্যাপারে অভিযোগকারী শারমীন আলী এ্যানির সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্তাধীন থাকার অজুহাতে কোন কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *