রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ (ডিগ্রী) মহাবিদ্যালয় ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
টেবিলে সারি সারি পিঠা মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন জামাই পিঠা, কেউবা বানিয়েছেন তেলেপিঠা, কেউবা বানিয়েছেন কদম ফুলের পিঠাসহ নানান নামে ও রঙ্গের মুখরোচক পিঠা।
আজ বৃহস্পতিবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এবং পুরাতন ও নতুন ছাত্রীদের ব্যবস্থাপনায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন আলতাফ গোলন্দাজ (ডিগ্রী) মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সফল নারী উদ্যোক্তা ও সেরা জয়িতা প্রভাষক জুলেখা খাতুন সোমা, কলেজের শিক্ষক গোলাম মাহমুদ ফারুকী, মোঃ আশরাফুল আলম, মোস্তাসিমুর রহমান খান, সারোয়ার জাহান, উম্মে কুলসুমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমূখ।
উদ্বোধনকালে উপাধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান বলেন, হারিয়ে যাওয়ার গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে নতুন প্রজন্মের পরিচিতি ঘটাতে প্রথমবারের মতো এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।
কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক সফল নারী উদ্যোক্তা ও সেরা জয়িতা জুলেখা খাতুন সোমা বলেন, শিক্ষার্থীদের বিনোদনমুলক অনুপ্রেরণা দেওয়ার জন্য কলেজের এই পিঠা উৎসবের আয়োজন। শিক্ষার্থীদের তৈরিকৃত অনেক রকমের এইসব পিঠা দেখতে ভিড় করছে শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরি পিঠার ষ্টল পরিদর্শন করেন অতিথিসহ কলেজ শিক্ষকরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১০টি ষ্টল নিয়ে অংশগ্রহণ করেন।