ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

বিগত নির্বাচন গুলোতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা এবং দীর্ঘ সময় যাবত নির্বিঘ্নে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামপন্থী দল সমূহের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
তিনি বলেন, তা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সমর্থক ও দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোগী ইসলাম পন্থীদেরকে অবমূল্যায়নের মাধ্যমে নির্বাচনী পথচলা শুরু করেছেন, যা দুঃখ জনক।
বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিহীন এই নির্বাচন শুধু মাত্র আনুষ্ঠানিকতার নির্বাচন নয়, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
গত ২৩ ডিসেম্বর, শনিবার সকাল১১ টায় ঢাকায় মতিঝিলস্থ দলের ঢাকা মহানগর কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান একথা বলেন।
তিনি আরো বলেন, আজকের রাজনৈতিক বাস্তবতায় এটা বলার অপেক্ষা রাখেনা যে, আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন অগ্নি পরীক্ষার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তাই নির্বাচনে অবমূল্যায়নের শিকার হলেও মুক্তি যুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয়ের স্বার্থে আসন্ন সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রেখে তার বিজয় নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, ঢাকা জেলা সভাপতি আমিনুল ইসলাম, নারায়নগঞ্জ মহানগর সভাপতি মামুন পারভেজ, নারায়নগঞ্জ জেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাওলানা আবু বকর, নরসিংদী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। এছাড়াও সংশ্লিষ্ট জেলার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।