রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলা রোববার (৩ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে।
গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প” এর আওতায় জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে এ মেলা বসে। এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, গফরগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব। এছাড়াও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে অতিথিবৃন্দ মেলায় চত্বরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ২০টি ষ্টল স্থান পেয়েছে।
*******