রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছোট ভাইয়ের শখ পূরণ করলেন বড় ভাই। হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসার শখ পূরণ করতে ১০ কিলোমিটার পথ হেলিকপ্টারে পাড়ি দিয়ে গিয়ে বিয়ে করলেন উপজেলার টাংগাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে মোঃ রাকিব। কনে একই উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে বিশারণ।
গতকাল বুধবার (৩০ আগষ্ট) দুপুরে বর টাংগাব ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার হেলিকপ্টারে উড়ে গিয়ে বিয়ে করে ফিরে আসে বিকাল সাড়ে ৪ টার দিকে।
জানা যায়, উপজেলার টাংগাব ইউনিয়নের আজিজুল শেখের ছেলে আব্দুল লতিফ ও মোঃ রাকিব। আব্দুল লতিফ ট্রাভেল এজেন্সির মালিক। ভাইয়ের সাথে ব্যবসা দেখাশোনা করে ছোট ভাই রাকিব । রাকিবের বিয়ে পাকাপাকি হয় পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে বিশারণের সাথে। বড় ভাইয়ের কাছে রাকিব আবদার করে সে হেলিকপ্টারে করে বিয়ে করবে। ছোট ভাইয়ের আবদার মিটাতে বড় ভাই লতিফ ১০ কিলোমিটার দূরত্বের পথের জন্য ভাড়া করেন হেলিকপ্টার। বউকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে এসে ঘরে তুলার সাধ পূরণ করেন বর রাকিব। হেলিকপ্টারে করে বিয়ে করে নববধূকে নিয়ে আসে বাড়িতে। নবদম্পত্তিকে দেখতে এসময় উৎসুক জনতা ভিড় করে। জনতাকে সামাল দিতে মোতায়েন করা হয় পাগলা থানার পুলিশ। এ বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়েকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে এলাকাবাসীর মধ্যেও।
বর রাকিবের বড়ভাই আব্দুল লতিফ বলেন, আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ের আয়োজন করেছি।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
টাংগাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, আমি রাকিবের বিয়েতে গিয়েছি। এই বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ, উচ্ছাস দেখা গেছে।