গাজীপুর জেলা সংবাদদাতা।।
বাইশ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। রাজধানীর প্রবেশমুখ উত্তরায় গত ৩০ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী থেকে তাকে গ্রেফতার করে ডিএমপি পুলিশ। পর দিন উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
এদিকে মুক্তিলাভের পর দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার কাশিমপুরের বাড়িতে জড়ো হন। বুধবার দিনভর তার বাসভবন দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিলো। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম বুধবার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে শওকত হোসেন সরকারকে ফুল দিয়ে বরণ করেন। এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জামিনে মুক্তি পেলেও আমি খুশি নই। কারণ দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী এখনো জালিমের কারাগারে বন্ধী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এখনো দেশান্তরিন। এ অবস্থায় জালিম সরকারের কারাগার থেকে নিজের মুক্তি বড় কোনো প্রাপ্তি নয়।’ তিনি ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই জালিম, স্বৈরাচার ও বিনা ভোটের অবৈধ সরকারের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষার্থে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের জন্য’ দলীয় নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান।
#