মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের সদর উপজেলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার চুড়খাই কান্দাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৮) ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. অঞ্জনা (২৪)। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত প্রায় ৯ মাস আগে বিয়ে হয় জুলহাস ও অঞ্জনার। অঞ্জনা ৪ মাসের অন্তঃসত্বা ছিলেন। দু’জনের দ্বিতীয় বিয়ে এটি। গতকাল রাতে তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের।
পরে হাফ বিল্ডিং ঘরের উপরের চালের টিন সরিয়ে দরজা খুলে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। এর মধ্যে স্বামীর মরদেহ ঝুলছিল ওড়নায় এবং স্ত্রীর মরদেহ পড়েছিল খাটের ওপরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, তবে কেন বা কী কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।