ময়মনসিংহে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে ময়মন‌সিং‌হের কর্মরত সাংবা‌দিকবৃন্দ।

শনিবার (১৭ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘন্টাব্যাপী এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। সাংবাদিক সাগর-রুনির বিচার আজও হয়নি। বার বার এই মামলার অভিযোগ গঠনের শুনানির সময় বৃদ্ধি করা হচ্ছে।

এই অবস্থায় দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে বিশেষ আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেন। অন্যথায় সাংবাদিক সমাজ দাবি আদায়ে আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ১০টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় । সংগঠনগুলি হল- ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি, সাংবাদিক ক্রীড়া চক্র, ক্যামেরাপারসন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আলোকচিত্র শিল্পী সংসদ।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংবা‌দিক এম.এ মোতালেব, শেখ মহিউদ্দিন, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, আ.ন.ম ফারুক, হোসাইন শাহীদ প্রমুখ। এ সময় ময়মনসিংহে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েক জনকে আটক দেখানো হয়েছে। এ ঘটনায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত বুধবার ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর ১৫ জুন বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *