প্রকাশিত হয়েছেঃ মে ২৪, ২০২৩ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পূর্বসত্রুতার জের হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় এক বৃদ্ধাসহ দুই নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার ভরাডোবা গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন ধরে মৃত আব্দুর রশিদের ছেলে ওয়াজ উদ্দিন গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে বুধবার দুপুরে ওয়াজ উদ্দিন ও তার ছেলে শামছুল হুদা বাবুলের নেতৃত্বে বাদল, উসমান, মতিন, সামাদ, সাদ্দাম ও আল আমীনসহ ২০/২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর চালায়। এ সময় বাঁধা দিলে গেলে আমিনুল ইসলামের বৃদ্ধা মা আলিমন নেছা ওরফে সুমনা আক্তার (৬০), ও তার বোন শরীফা আক্তারের (৩৭) উপর হামলা চালিয়ে মারাত্মভাবে আহত করা হয়। পরে জাতিয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম জানান, ভাঙচুরে বাঁধা দেয়ায় হামলাকারীরা তার বৃদ্ধা মা ও বোনকে পিটিয়ে আহত করেছে। হামলায় তাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ শামছুল হুদা বাবুলের মোবাইল নম্বরে কথা হলে তিনি জানান, এক সপ্তাহ পূর্বে তারা আমাদের জমি দখলে নিয়ে বাউন্ডারী করেছে, আমরা ওই জমি উদ্ধার করেছি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, লিখিত অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

