রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, উপজেলায় ৯ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের মোট ৬ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন। প্রথম দিনে ২ জন শিক্ষার্থী বহিস্কার হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১টায় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, বোর্ড ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলতি এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।