আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় টিনের বেড়া দিয়ে খুটিপুতে বনভূমি জবরদখলের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে স্থানীয় বনবিভাগ। সোমবার দুপুরে হবিরবাড়ি মৌজার সিএস ১৯ নম্বর দাগে জবরদখলের সময় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হবিরবাড়ি মৌজার সিএস ১৯ নম্বর দাগে নির্মানাধিন একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে টিনের বেড়া ও খুঁটিপুতে সিমানাপ্রাচীর নির্মাণের লক্ষ্যে সরকারি গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি জবরদখল করা হচ্ছে। সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দখলকাজে লিপ্ত থাকা অবস্থায় মৃত আফাজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হামিদ ও মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাহ আলমগীরকে গ্রেফতার করা হয়। এ সময় আরো ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরে বনআইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
বিট কর্মকর্তা আশরাফুল আলম খান আরো জানান, নির্মানাধিন শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে বনভূমি দখলের অভিযোগে পিওআর মোকদ্দমা নম্বর ৪৫/হবি, ৬৪, ভালুকা, ২০২২-২৩ দায়ের করা হয়েছে।