ওয়াসার স‍্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে সমন্বয় থাকতে হবে- চট্টগ্রাম সিটি মেয়র

শেয়ার করুন :

মোঃ সিরাজুল মনির বিশেষ প্রতিনিধি।।
প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীতে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের কাজে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, পুরো এলাকায় একসাথে কাজ শুরু করলে বিপর্যয় দেখা দেবে। একটির পর একটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে কাজ পরিচালনার জন্য তিনি ওয়াসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই প্রকল্পটির প্রথম পর্যায়ের বাস্তবায়ন কাজ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র। পুরো নগরীকে ছয়টি জোনে ভাগ করে ছয়টি স্যুয়ারেজ এবং দুটি ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। ছয়টি জোনের মধ্যে প্রথম পর্যায়ে একটি জোন বাস্তবায়ন করা হবে। এই জোনে রয়েছে কোতোয়ালী, বাটালি হিল, মাঝিরঘাট, মাদারবাড়ী, আগ্রাবাদ, টাইগারপাস, আমবাগান, নয়াবাজার, চৌমুহনী, উত্তর হালিশহর ও হালিশহর আনন্দবাজার এলাকা।

প্রথম পর্যায়ে উক্ত এলাকাগুলোর প্রায় ২০ লাখ মানুষকে স্যুয়ারেজ প্রকল্পের আওতায় আনতে কার্যক্রম চলছে। এর মধ্যে ২৮ হাজার বাড়িঘরে স্যুয়ারেজের লাইন যুক্ত করা হবে। ২০০ কিলোমিটারের বেশি পাইপ লাইন স্থাপন করা হবে মাটির ৫ থেকে ১৫ মিটার গভীরে। উক্ত এলাকাগুলো সিটি কর্পোরেশনের ২১টি ওয়ার্ডের আওতাধীন। সিটি মেয়রের শঙ্কা, একই সাথে ২১টি ওয়ার্ডে কাজ শুরু করলে মানুষ চরম দুর্ভোগে পড়বে। তাই একটি ওয়ার্ডের কাজ শেষ করে পরের ওয়ার্ডের কাজ শুরু করার মাধ্যমে প্রকল্পটি শেষ করার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন তিনি।

মেয়রের বক্তব্যের প্রেক্ষিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ বলেন, আপনি নগরপিতা। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। আমরা শহরটিকে বিশ্বমানের করতে চাচ্ছি। আমরা আপনার সহযোগিতা নিয়ে কার্যক্রম পরিচালনা করব। তিনি বলেন, এই প্রকল্পের জন্য রাস্তা খুব বেশি কাটা হবে না। কোনো একটি জায়গায় ছোট পরিসরে রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে বোরিং করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। সর্বাধুনিক প্রযুক্তিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এটি জনদুর্ভোগ সৃষ্টি করবে না। ২০০ কিলোমিটার পাইপ লাইনের মাঝে আমরা সর্বোচ্চ ১০ কিলোমিটার রাস্তা কাটব। বাকি ১৯০ কিলোমিটার রাস্তা অক্ষত থাকবে। যেখানে রাস্তা কাটা হবে সেখানেও যান চলাচল কিংবা পথচারী চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *