গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি সমিতি’র নাম ব্যবহার করে ঋণ বিতরণের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ করায় রোববার দুপুরে ওই সমিতির সভাপতিকে পিটিয়ে আহত করেছেন অভিযুক্তরা। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজি: নং-১৪২) এর সভাপতি মো. মনির হোসেন।
সমিতির সভাপতি মনির হোসেন জানান, টঙ্গী পশ্চিম থানার সাতাইশ চৌরাস্তা এলাকায় তাদের সমিতির নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র ঋণদান কার্যক্রম চালাচ্ছিল। তিনি বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে রোববার বেলা সাড়ে[ ১১টায় সাতাইশ চৌরাস্তায় গিয়ে তাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নামে একটি অফিস দেখতে পান। তিনি এসময় ওই অফিসে ঢুকে উক্ত সমিতির নাম ও নিবন্ধন নম¦র ব্যবহার করার কারণ জানতে চাইলে ওই অফিসে আটকে তাকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় তিনি সাতাইশ চৌরাস্তা এলাকার সোহেল হোসেন, মুখলেছ মিয়া, মুক্তার মিয়া ও শ্যাামলসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তে নিয়োজিত এসআই আরফান জানান, সমিতির সভাপতি মনির হোসেনকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে আপস ফয়সালার দায়িত্ব নিয়েছেন।
#