
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুক্রবার শুরু হওয়া ৩ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হচ্ছে আজ রবিবার (২২ জানুয়ারী)।
ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক মো. জয়নাল আবেদীন, অধ্যাপক ড. কাজী শহীদুল আলম, মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর ও মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা ও ঊর্ধ্বতন নির্বাহীরা সম্মেলনে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, ‘ইসলামী ব্যাংক জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে ব্যাংক ও দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক।’
তিনি তার বক্তব্যে রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ ও আমানতের অগ্রগতি অর্জনের জন্য দিকনির্দেশনা দেন। গ্রাহকদের মানসম্পন্ন ও আন্তরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন মো. নাজমুল হাসান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘ইসলামী ব্যাংক প্রায় দুই কোটি গ্রাহকের আস্থার ব্যাংক। এ ব্যাংকের ছয় হাজার ইউনিট দেশ ও প্রবাসে গ্রাহকদের প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদান এবং স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গঠনে কাজ করছে।
তিনি জানান, গত বছর দেশের বেসরকারি খাতের সিংহভাগ সার আমদানি হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংকের সমৃদ্ধি ও সাফল্যে নিরন্তর সহযোগিতা অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী, সরকার, বাংলাদেশ ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা জানান, ইসলামী ব্যাংকের অর্থায়নে দেশে ছয় হাজারের বেশি শিল্প-কারখানা পরিচালিত হচ্ছে। জাহাজ নির্মাণসহ আকাশ, স্থল ও নৌ-পরিবহন খাতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ সর্বোচ্চ। সর্বোচ্চ ধৈয্য সহকারে ব্যাংকের সাথে থাকা সংশ্লিষ্ট সকল পর্যায়ের গ্রাহক ও শুভাকাঙ্কীদের ধন্যবাদ জ্ঞাপন পযিচালনা পর্ষদের সকলে।