গফরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর মজা পুকুর থেকে শ্রাবণ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। সে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে। বুধবার (১৮ জানুয়ারি) বিকালে পাশ্ববর্তী লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের রুহুল আমিনের মজা পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক শ্রাবণ ঢাকায় একটি জুতার কারখানায় চাকুরি করতো। মাঝে মধ্যে বাড়িতে আসা যাওয়া করতো। গত চারদিন আগে বাড়ির থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরে পরিবার পরিজন অনেক খোঁজাখোজি করেও তার কোন খোঁজ পায়নি। বুধবার বিকালে লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের রুহুল আমিনের মজা পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাগলা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শ্রাবণের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটিকে সনাক্ত করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাশর্^বর্তী মশাখালী গ্রামের কাঠ ব্যবসায়ীর ছেলে শ্রাবণের লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পাগলা থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, নিহত শ্রাবণ মাদকাসক্ত ছিলো। লাশ উদ্ধারের সময় তাঁর হাতে পলিথিনে মোড়ানো গামের কৌটা পাওয়া গেছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!