রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ৬ টি দোকানঘর ও ৯ টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গফরগাঁও পৌরশহরে মধ্যবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় আগুন নিভাতে গিয়ে ব্যবসায়ী আবুল হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ষ্টেশন রোড এলাকায়। সে মধ্য বাজারে ব্যবসা করতো।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লিটন শিল্পালয়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মূহুর্তের আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে বিজয়ের কসমেটিকস দোকান এবং বাদল রায়, সুশিল, সুনিল চন্দ্র রায় ও নয়নের জুয়েলারী দোকানে আগুন লাগে। এছাড়াও কামরুল, লিটন, আব্দুল বারেক, বাদল রায়, বিজয় রায়, মোশারফ ও তার তিন ভাইয়ের বসতঘরসহ মোট ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুইঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে অগ্নিকান্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। ব্যবসায়ীদের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমান প্রায়
দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান জানান, ব্যবসায়ীকে হাসপাতালে আনার আগেই মারা যায়। ধারনা করা হচ্ছে, স্টোক করে তার মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লোকজনকে ছড়িয়ে এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুনের লেলিহান শিখা দোকানঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।