আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গুণে দেয়ার কথা বলে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র এক নারী গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে সোনালী ব্যাংক ভালুকা শাখায়।
জানা যায়, ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী শিখা রানী (৩৫) সোমবার দুপুরে সোনালী ব্যাংক ভালুকা শাখা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় টাকাগুলো গুনে দেয়ার কথা বলে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
প্রতারণার শিকার শিখা রানী জানান, মেয়ে সুলেখা রানীকে বিয়ে দেয়ার জন্যে সোনালী ব্যাংক ভালুকা শাখায় টাকা জমাচ্ছিলেন তিনি। আগামী ১০ জানুয়ারী গফরগাঁওয়ের কৃষ্টবাজার এলাকার সন্তোষ হৃদয় দাসের সাথে সুলেখার বিয়ের হওয়া কথা। এদিকে, জুয়েলারী দোকানের বাকি অন্যান্য জিনিসপত্র কেনার জন্য শিখা রানী সোমবার দুপুরে সোনালী ব্যাংক ভালুকা শাখা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। ওই ব্যাংকে একাধিক প্রতারক গুনে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে অবশিষ্ট টাকা তার হাতে গুঁেজ দিয়ে কেটে পরে। এদিকে, জুয়েলারী দোকানে টাকা দিতে তিনি টের পান ব্যাংক থেকে উত্তোলিত টাকা থেকে ৮০ হাজার টাকা নিয়ে গেছে ওই প্রতারক চক্র।
শিখা রানী বলেন, ‘আমরা গরীব মানুষ। কারখানায় কাজ করে মেয়ের বিয়ের জন্যে টাকাগুলো জমা করেছিলাম। ব্যাংকের টাকা গুনে দেয়ার বলে তারা আমার হাত থেকে টাকাগুলো নেয় এবং কৌশলে ৮০ হাজার টাকা নিয়ে যায়।’ তিনিও ওই টাকা উদ্ধারের দাবি জানান।
সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ঘটনা জানার সাথে সাথেই তিনি বিষয়টি ভালুকা মডেল থানাকে অবহিত করেছেন। পুলিশ এসে ব্যাংক ভিডিও ফুটেজ নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ভালুকা মডেল থানার এসআই চন্দন চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে।