ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মিলগেইটে বিক্ষোভ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বেতন বৃদ্ধির দাবি ও শ্রমিকদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে মিল গেইটে বিক্ষোভ করেছেন এস লাইট গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীর শ্রমিকরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দেয়া হলে শ্রমিকরা শান্ত হয়।
শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরীতে তারা প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কর্মরত আছেন। তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য দাবি করে আসছেন। তাছাড়া তাদের সাথে ফ্যাক্টরীর লোকজন প্রায়ই খারাপ ব্যবহার করে থাকেন। বেতন বৃদ্ধির জন্য বার বার দাবি ও খারাপ ব্যবহারের জন্য প্রতিবাদ করা হলেও কোন সুরাহা না হওয়ায় তারা মিল গেইটে বিক্ষোভ মিছিল করেন।
কারখানার এইচ আর অ্যাডমিন ম্যানেজার গোলাম নবী জানান, তাদের ফ্যাক্টরীটি এক বছর হলো উৎপাদনে গেছে। এরই মধ্যে শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। এই বিষয়ে আলোচনা হচ্ছে, অচিরেই বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া শ্রমিকদের সাথে খারাপ ব্যবহারের বিষয়টি ইতোমধ্যেই সুরাহা হয়েছে।
ময়মনসিংহ শিল্প জোন ৫ এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, এস লাইট গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে মিলগেইটে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দেয়া হলে শ্রমিকরা শান্ত হয়। ফ্যাক্টরীর মালিক দেশের বাইরে রয়েছেন এবং আগামী সপ্তাহে দেশে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে ওই কর্মকর্তা জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *