রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগে সামনে এক প্রবাসীর স্ত্রী গলার থেকে ১ ভরি ওজনের স্বর্নের চেইন চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। গতকাল রোববার সকাল ১১ টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের প্রবাসী আজিজুল হকের স্ত্রী মোছাঃ সূচনা তাঁর ৬ মাস বয়সী শিশুকে চিকিৎসা করাতে রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আউট ডোরের টিকেট কেটে শিশু চিকিৎসক ডাঃ ইফতেখার নাইমা আফরিনের কক্ষের সামনে অপেক্ষা করার সময় হঠাৎ ভিড় বেড়ে যায়। এসময় সূচনার গায়ে ধাক্কা লাগে। কিছুক্ষন পর তিনি গলায় হাত দিয়ে দেখে গলার স্বর্ণের চেইনটি নেই। এসময় গৃহবধূ সূচনা গলার চেইন নেই বলে চিৎকার দিয়ে ওঠে। এরই মধ্যে চোর চক্র গলার চেইন নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত মাজহারুল ইসলাম বলেন, শিশুর চিকিৎসা নিতে এসেছিলো মহিলাটি। তাঁর গলার স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার পর সে টের পেয়ে চিৎকার দিয়ে ওঠে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।