রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাশ দাফন করা নিয়ে প্রবাসীর পরিবারের সদস্যদের হামলায় পৌর কাউন্সিলর আজিজুল হক (৪০) গুরুতর আহত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে গফরগাঁও
পৌর শহরের জন্মেজয় গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় গফরগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, গফরগাঁও পৌর শহরের জন্মেজয় গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫) প্রবাসে থাকতেন। পরিবারের লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তাঁর স্ত্রী নাজমা (৩২) পরিবারের লোকজনের সাথে বনিবনা হয়নি। সে দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতো। প্রবাসে থাকা অবস্থায় মোফাজ্জল হোসেন দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত ২০ অক্টোবর, বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে প্রবাসী মোফাজ্জল হোসেনের লাশ দেশে আসে। মৃত্যুর পূর্বে তিনি অছিয়ত করে যান তাঁর জানাজায় পরিবারের লোকজন যাতে না আসে ও তাঁকে সরকারি গোরস্থানে দাফন করতে। মৃত স্বামীর কথা রাখতে গিয়ে তার
স্ত্রী নাজমা গত মঙ্গলবার এনিয়ে পরিবারের লোকজনের সাথে বসে সিদ্ধান্ত নিতে পৌর কাউন্সিলর আজিজুল হকের স্বরনাপন্ন হন।পরে কাউন্সিলরকে সাথে নিয়ে এলাকার জিরানী মোড়ের শাহজাহানের হার্ডওয়ারের দোকানে বসে লাশ দাফনের সিদ্ধান্ত হয়। পৌর কাউন্সিলরের দেওয়া সিদ্ধান্ত মেনে নেয়নি মৃত মোফাজ্জলের পরিবারের লোকজন। গতকাল শুক্রবার সকালে কাউন্সিলর আজিজুল হক জন্মেজয় ঈদগা মাঠের সামনে দিয়ে আসার সময় মোফাজ্জলের মা রুপজান (৫৮), ভাই মিথুন (৩২), বোন রুনা (৩০) ও ভগ্নিপতি আজিজুল (৪০) পথরোধ করে বাকবিতন্ডায় লিপ্ত হয়।একপর্যায়ে লোহার রড ও বাঁশ নিয়ে কাউন্সিলর আজিজুল হকের উপর অতর্কিতে হামলা করে হাতে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ
(ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।