নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকা বাজারে চিনি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির পর অধিক মূল্যে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আবদুল্লাহ আল মাহমুদের অভিযানে এসব জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বাজারের চিনির দোকানে অভিযান করে ভ্রাম্যমান আদালতের একটি টিম। এসময় চিনি বিক্রি না করে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ভাই-ভাই স্টোরের মালিক কালীপদ বণিক ও বাদল স্টোরের মালিক বাদল বণিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সহযোগিতা করেন, এনএসআই ভালুকার দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফিজুর রহমানসহ পুলিশের কয়েকজন সদস্য।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দুই চিনি বিক্রেতার দোকানে অতিরিক্ত চিনি মজুদ থাকায় তাদেরকে ৫০ হাজার করে একলাখ টাকা জমিরামা করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।