গৌরীপুরে শুভ্র হত্যা মামলার ৭ জনের মৃত্যুদণ্ড : ৩ জনের যাবজ্জীবন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদসহ সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিন জনকে যাবজ্জীবন ও বাকি ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, মইনুদ্দিন, শরীফুল ইসলাম নাইম।

সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।

এর আগে ৬ অক্টোবর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য ১০ অক্টোবর দিন ধার্য করা হয়।

এ মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জন আসামি ছিলেন। অপর আসামিরা হলেন— উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া, কামাল মিয়া, মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন ও শাজাহান মিয়া।

উল্লেখ্য,  ২০২০ সালের ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার পান মহালে শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের ছোটভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা একটি মামলা করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ অধিগ্রহণ করে। তদন্ত শেষে চাঞ্চল্যকর এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ গৌরীপুর পৌরসভার মেয়র ও তাঁর দুই ভাইসহ ১৯ জনকে দায়ী করে অভিযোগপত্র জমা দেন ময়মনসিংহের একটি আদালতে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *