মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২-এর ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা অর্জন করে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নের ফাইনালে যে একাদশ মাঠে খেলেছে, তার মধ্যে ৮ জনই ময়মনসিংহ কলসিন্দুররের মেয়ে। শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহ জেলার ৮ জন কৃতি খেলোয়াড়ের সাফল্যের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দলের আট ফুটবলারকে ময়মনসিংহে বরণ করে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে সংবর্ধনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুটবলারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। সজ্জিত পিকআপে তাদের ময়মনসিংহ শহর ঘুরিয়ে নেওয়া হয় সার্কিট হাউজে।
এ সময় সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তাররা রাস্তার পাশে দাঁড়ানো মানুষের অভিবাদন বৃষ্টিতে ভাসেন।
দুপুর ২টার দিকে সার্কিট হাউজ থেকে ঘোড়ার গাড়িতে করে তাদের নেওয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান চত্বরের বৈশাখী মঞ্চে। সেখানে সানজিদা-মারিয়াদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফুটবল ফেডারেশন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, বিভাগীয় কমিশান শফিকুর রেজা, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, দুর্গাপুরের সাবেক এমপি মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।