মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
সাফ চ্যাম্পিয়নের ফাইনালে যে একাদশ মাঠে খেলেছে, তার মধ্যে ৮ জনই ময়মনসিংহ কলসিন্দুররের মেয়ে। সাফ জয়ী ৮ নারী ফুটবলারের পরিবারকে ৪ লাখ টাকা পুরস্কার দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধোবাউড়ায় গিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো.আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তীর উপস্হিতিতে প্রত্যেকের পরিবারের সাথে দেখা করে মিষ্টি মুখ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার প্রদানসহ সবরকমের সহযোগিতার পাশে থাকার আশ্বাস দেন।
সাফ জয়ী ফুটবলারদের মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকার আটজন ফুটবল কন্যা হলেন- সদ্য সাফ জয়ী টিমের সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক এক বিবৃতিতে জানান, সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলকে জানাই অভিনন্দন। এই দলের ময়মনসিংহ জেলার ৮ জন কৃতি খেলোয়াড়ের সাফল্যে আমরা গর্বিত। এই ৮ জন খেলোয়াড়দের এই কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ জেলা প্রশাসন, ময়মনসিংহ প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে পুরুস্কার প্রদান করবে। পাশাপাশি ময়মনসিংহ আগমনকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ ফুটবল এসোসিয়েশন-এর উদ্যোগে তাদের নাগরিক সংবর্ধনা দেয়া হবে।