মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
শুদ্ধ সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে ময়মনসিংহের সংস্কৃতিকর্মীরা তাদের পূর্বসূরীদের অর্জনগুলো ধারণ ও লালন করে বলিয়ান হতে চায় !
সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ-এর বিশেষ সাধারণ সভায় ঐতিহ্য সংস্কৃতির শহরের শতাধিক সংগঠনের প্রতিনিধিদের বক্তব্যে এমন ধ্বনিই উচ্চারিত হয় !
রোববার (১১ সেপ্টেম্বর) বিকালে নগরীর শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের বিশেষ সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে সংস্কৃতিসেবীরা এমন কথা বলেছেন ।
কবি, লেখক ও জোটের যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ দুলাল-এর সভাপতিত্বে জোটের সাবেক আহবায়ক সফল সাংস্কৃতিক সংগঠক প্রয়াত আমীর আহাম্মদ চৌধুরী রতন এর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই বিশেষ সভা শুরু হয় ।
বিশেষ এই সাধারণ সভার আলোচনায় বক্তারা আরও বলেন আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি অপতৎপরতা শুরু করেছে। এ অবস্থায় সংস্কৃতিকর্মীদের এগিয়ে আসতে হবে; কেন-না সাংস্কৃতিক কর্মীরাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াই সংগ্রামে এগিয়ে থাকে। তাই যারা আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে হিরো আলমের তথাকথিত অপসংস্কৃতিকে প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের প্রতিহত সবাই আজ ঐক্যবদ্ধ। জেলার প্রতিটি সাংস্কৃতিক কেন্দ্রে সুস্থ ধারার সংস্কৃতি নিশ্চিত করার লক্ষ্যে সংস্কৃতির শহর ময়মনসিংহকে সাংস্কৃতিক পল্লী হিসেবে গড়ে তোলার দাবী জানানো হয়। সেই সাথে অপসংস্কৃতির ধারক যারা তাদের সাংস্কৃতিক অঙ্গনে বয়কট করার হুঁসিয়ারী দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন লোক কৃষ্টি সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট এম এ কাশেম, সত্যের সন্ধান লোক সাংস্কৃতিক সংস্থার সভাপতি শাহ্ সাইফূল আলম পান্নু ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুদু, বাংলার মুখ এর সভাপতি লে. কর্নেল (অব) ড.শাহাব উদ্দিন, বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, নাট্যাঙ্গন নাট্য পরিবারের সাধারণ সম্পাদক সাইফুল এহসান জহির, বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর প্রমুখ ।
সভার সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ শাখার বর্তমান সদস্য সচিব, এডভোকেট আব্দুল মোত্তালেব লাল।
আলোচনা সভা শেষে ৯০ দিন মেয়াদের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় । কমিটিতে কবি ও লেখক ফরিদ আহমদ দুলালকে আহ্বায়ক, এডভোকেট এম এ কাশেম, শাহ্ সাইফুল আলম পান্নু,কর্নেল (অব) ড. শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম দুদু, অধ্যাপক দিলরুবা শারমিন ও সাইফুল এহসান জহিরকে যুগ্ম আহবায়ক এবং এডভোকেট আব্দুল মোত্তালেব লালকে সদস্য সচিব, সকল সংগঠনের প্রধানদের সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।