রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বর্ষা পেড়িয়ে শরৎকাল শুরু হলেও দেখা মিলছে না বৃষ্টির। প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির না হওয়ায় হুমকির মুখে আমন ধান। তাই মহান রবের কাছে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পল্লী এলাকায় আলেম-উলামা ও মুসুল্লিরা।
পাঁচবাগ ইউনিয়ন শাখার উলামা সমিতির আয়োজনে বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চরশাঁখচ‚ড়াসহ আশপাশের গ্রামের শত শত মুসল্লি সমবেত হয়ে চরশাঁখচূড়া লাজিম সরকার ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করেন তারা। নামাজের ইমামতি করেন দিঘীরপাড় বাগে জান্নাত মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান। বৃষ্টির মৌসুমে কাঙিক্ষত বৃষ্টির দেখা না মেলায় তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হিসেবে দেখছেন ধর্মপ্রাণ মানুষেরা। তাই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রকৃতি ও জীবন রক্ষায় বৃষ্টির জন্য বিশেষভাবে ‘ইস্তিসকার নামাজ’ আদায় করেছেন মুসুল্লিরা। বৃষ্টির চেয়ে সালাতুল ইস্তিসকার এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজের পূর্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন-পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইসহাক, কেন্দ্রীয় উলামা সমিতির সদস্য মাওলানা নূরুল হক, আনসারনগর মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুছ ছোবহান ও হালিমাবাদ বাজার মসজিদের খতিব আব্দুল কুদ্দুছ প্রমূখ। বক্তাগণ উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলকে তাওবা করার আহবান জানান।