রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে শারফুল ইসলাম (২৮) নামের এক যুবকের প্রাণ গেল। উপজেলার পাগলা থানাধীন মেদনার টেক গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শারফুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা থানাধীন মেদনার টেক গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের সাথে প্রতিবেশী মৃত ইউসুফ আলীর ছেলেদের জমি নিয়ে বিরোধ ছিল। গত ১৮ জুলাই দুপুরে ভ্যাকু দিয়ে জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে মৃত আব্দুল হামিদের ছেলে মাহবুল ইসলাম ও শারফুল ইসলামের বসত ঘরে মৃত ইউসুফ আলীর ছেলে মিজানুর রহমান, জিয়াউর রহমান, রুহুল আমিন, হাবিবুর রহমান,নাতী অমিত,তপন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে। এসময় শারফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে পিটিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে পরিস্থিতির অবনতি হলে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই সপ্তাহের অধিক সময় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে তার মৃত্যু হয় । এ ঘটনায় নিহতের ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশের জোর চেষ্টা চলছে।