রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সাইমুর রহমান সায়েম (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের গুইনগার বিলে এ ঘটনাটি ঘটে। নিহত সাইমুর রহমান সায়েম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও ময়মনসিংহ আনন্দমোহন বিশ^বিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১ টার দিকে নিহত সাইমুর রহমান সায়েম তাঁর দুই ভাই অনিক ও জোবায়েরকে সাথে নিয়ে গুইনগার বিলের মাছের প্রজেক্টের পানিতে সাঁতার কাটতে যায়। তিনজন মিলে সাঁতরে বিলটি একবার পার হয়। এরপর আবার সাঁতার কেটে ফিরে আসার পথে অনিক ও জোবায়ের সাঁতরে বিল পার হতে পারলেও সিয়াম পানিতে ডুবে যায়। অনিক ও জোবায়েরের চিৎকারে প্রতিবেশিরা এসে বিলের পানি থেকে সিয়ামের লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী ঘটনাটি নিশ্চিত করেন।