রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাজা ও পরোয়ানাভুক্ত আসামি পুলিশ দেখে দৌড়ে মজা পুকুরের পানিতে ডুব দিয়ে পলায়নের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের ২ ঘন্টার যৌথ উদ্ধার অভিযান শেষে পানি থেকে আসামিকে উদ্ধার করে গ্রেপ্তার করে।
১৩ জুলাই বুধবার বিকালে পৌর শহরের ষোলহাসিয়া পুরাতন বাসষ্ট্যন্ড মসজিদ পুকুরে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার হলেন,ষোলহাসিয়া বাসষ্ট্যান্ড এলাকার জালাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া(৪০)।
ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসহ একাধিক মামালার পরোয়ানাভুক্ত আসামি সুজন বুধবার বিকাল ৪টার দিকে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় একটি দাড়িয়ে থাকা বাসে বসা ছিলো।এসময় পুলিশের উপ-পরিদর্শক আবুবক্করের উপস্থিতি টের পেয়ে সুজন বাস থেকে নেমে দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে থাকতে চেষ্টা করে।পরে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়।দীর্ঘ সময় খোঁজাখোজি করে অবশেষে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল ৬ টার দিকে পানি থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গফরগাঁও থানার ওসি মোঃ ফারুক আহম্মেদ বলেন, এক বছরের সাজা ও পরোয়ানাভুক্ত আসামি সুজন মিয়া পুলিশ দেখে পানিতে ঝাপ দেয়।