আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ জুন শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার থানামোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার খারুয়ালী গ্রামের মৃত জাবেদ আলী পাঠানের ছেলে আব্দুল হামিদ পাঠান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা থানামোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথে আসা একটি ইটভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানা’র ওসি রিয়াদ মাহমুদ জানান, উল্টো পথে বেপরোয়া ট্রাক চাপায় এক পথচারি নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করার পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।