আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ডিম বহনকারী একটি পিকআপ থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ৭৫ হাজার ডিম লুটের ঘটনায় ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন- ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের খোরশেদ হোসেন জুয়েল (৩৯), একই এলাকার সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।
শনিবার (১১ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গত ৩০ মে রাত সোয়া ২টার দিকে উপজেলার ভরাডোবা-উথুরা সড়কে একদল ডাকাত দু’টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারযুগে এসে ৭৫ হাজার মুরগির ডিম বহনকারী একটি পিকআপকে পথরোধ করে। এ সময় পিকআপ চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানেজার সবুজকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তারা পিকআপটি ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ডিমগুলো লুট করে পিকআপ ফেলে পালিয়ে যায়।
পরদিন এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার ন্যাস্ত করা হয় জেলা গোয়েন্দা পুলিশের ওপর। শুক্রবার গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয় ডাকাতকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাাইভেটকার, লুট করা ডিম বহন ও বিক্রির কাজে ব্যবহৃত পিকআপ এবং নগদ এক লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সফিকুল ইসলাম আরো জানান, ঘটনার আগের দিন আসামিরা ভালুকার ভরাডোবা বাজারে এক হয়ে ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করেন। পরিকল্পিতভাবে প্রাইভেটকার ভাড়া করেন ও মোটরসাইকেল নিয়ে এ ঘটনা ঘটান। পরবর্তীতে লুট করা ৭৫ হাজার ডিম থেকে ৩৭ হাজার ডিম গাজীপুর চৌরাস্তা কাঁচাবাজারে বিক্রি করেন। অবশিষ্ট ডিম, ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।