রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে’ স্লোগানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে বিদ্যালয় ও পরে ইউনিয়ন পর্যায়ে দুই শাখায় উত্তীর্ণ বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার নির্ধারিত বিষয় খেলাধুলা,আবৃত্তি,অভিনয়, সংগীত ও শ্রেষ্ঠ স্কাউট দল নির্বাচন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এসময় উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, কুশল রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃআমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক বলেন, কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে আয়োজন করা হয় আন্তঃইউনিয়ন প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার । উপজেলা পর্যায়ের ক্ষুদে প্রতিযোগীরা আগামী ৯ জুন জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংগ্রহণ করবে।