রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভেঙে নতুন উপজেলা হিসেবে গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় স্থাপনের বিষয়ে উচ্চ আদালত পূর্বাদেশ বহাল রেখেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী এই বিষয়ে বলেন,’সরকার সর্বোচ্চ অথরিটি নিকার সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। এ কারণে আদালত পিটিশনটি ডিসচার্জ করে দিয়েছেন।’
তিনি আরও বলেন, আদালত সংক্ষিপ্ত (শর্ট) জাজমেন্ট দিয়েছেন এবং এর ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকলো না। আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে।
এই রায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন দক্ষিণ গফরগাঁও উপজেলার আট ইউনিয়নের মানুষ। আদালতের আদেশকে স্বাগত জানিয়ে আজ সোমবার বিকেলে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে আনন্দ মিছিলটি কান্দিপাড়া বাজার এলাকায় প্রদক্ষিণ করে দক্ষিণ গফরগাঁও উপজেলার নয়াবাড়ি মৌজায় গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন, মোঃ এমদাদুল, আমির উদ্দিন, শামছুল আলম ফারুক, আব্দুর রউফ সহ উপজেলা পরিষদ বাস্তবায়ন নেতৃবৃন্দ।
বক্তারা, এই রায় প্রদানে আদালতকে স্বাগত জানায় এবং (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানান।
এ বিষয় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, কান্দিপাড়া সংলগ্ন উস্থি ইউনিয়নের (১৪৩ নং জে.এলভুক্ত) নয়াবাড়ি মৌজায় উপজেলা পরিষদ কার্যালয় নির্মাণ ও কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইলনা।
এর আগে পাগলা থানা এলাকায় উপজেলা পরিষদ স্থাপনের জন্য আদালতে রিট পিটিশন দায়ের করে একটি পক্ষ। আজ সোমবার এই রিট পিটিশন আদালত খারিজ করে দেয়।
###